ছাই হবে তোর ধর্ম এলেম
বুঝে নারে অবোধ মন মিছে করে জ্বালাতন বড়ই অবুঝ,
জীবনটা সুখের নয় যা দেখি সব অভিনয় স্ব'কেই খোঁজ।
চুল পাকিবে নড়িবে দাঁত বোধ হারিয়ে হবে উম্মাদ আসিবে সময়,
হারাবে তোর জীবন যৌবন ডুবিস-নারে পেয়ে মৌ-বন বাড়ারে হৃদয়।
মরিলে সব হবে মাটি মানব প্রেমে হৃদয় খাঁটি রাখছ'নি খবর,
হিসেব তোমার হবে দিতে কি করিলা মানুষ-রূপে জগতের উপর।
কি হবে এই আভিজাত্য মরণের স্মরণ কর নিত্য এটাই বাস্তব,
রবে না তোর সঙ্গে কিছু যম'যে তোর করছে পিছু নয়তো অসম্ভব।
জাত বে-জাতের কর বড়াই উঁচু নিচুর মিথ্যে লড়াই ছাড়'রে এবার,
দুদিনের এই ধর্মশালা খুঁজে নারে ওই বিধাতা তিনি'যে সবার।
সবার খবর রাখেন তিনি গড়ছেন যিনি এই ধরণী করছেন ভরণ,
আপন পর তার কাছে নাই এক ঠিকানায় যাবো সবাই রাখিস'রে স্মরণ
মানুষ ধর খোঁজ মানুষ রঙ দেখিয়া না হই বেহুঁশ মানুষ ভজিয়া,
স্রষ্টার প্রেমে অমরত্ব মিছে রে তোর ধনরত্ন মিছে-ই দুনিয়া।
সৃষ্টির মাঝে স্রষ্টা পাবে মানুষকে যাও ভালোবেসে ধরিতে স্রষ্টা,
প্রাণে-প্রাণে স্রষ্টার প্রেম ছাই হবে তোর ধর্ম-এলেম হলে পথভ্রষ্টা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন