কেমনে মিলবে মাফ

কিসের বড়াই করিস'রে-মন দুনিয়ার উপর,
মরলে কদিন পরে কেউ-তোর নিবেনা খবর!
গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

দালানকোঠা ধনসম্পত্তি ভাবিস-না মন তোর,
অন্ধকারে হারাইবে সব আসবেনা আর ভোর।
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো বিলাইও মানুষে নিজ,
এরচেয়ে বড় হয়না কিছুই ধনসম্পদ কি চিজ।

আমীর ফকির উত্তম অধম এইতো ভবের খেলা,
অনন্ত জীবন মানব প্রেমে গড়িও থাকতে বেলা।
রঙিন নেশায় রঙ্গ রসের দিনগুলো যায় বয়ে,
গুণী যাঁরা সুখ খুঁজে পায় সদা অন্যের জয়ে।

কৃপণ সদা আত্ম-খোরাক খুঁজে অন্যের মাঝে,
হিংসুটে পায় আত্ম-কষ্ট অন্যের ভালো কাজে।
যাদের জন্য অনেক কিছু গড়লে জগৎ জুড়ে,
তারাও হবে ভুলতে ব্যস্ত তিন-হাত মাটি খুঁড়ে।

নিজের বলে যাকিছু মন ভাবো তোমার আপন,
দূরেই রবে সবকিছু তোর পড়বে যেদিন কাফন।
আপন ভেবে আগলে রাখতে করছো কত পাপ,
পরের জন্য কি করলে মন কেমনে মিলবে মাফ।

কেমনে মিলবে মাফ -নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!