আঃ গফ্ফার চৌধুরী
"...বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে বন্দুকের জোরে সংবিধান সংশোধন করে তার অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করেন। দেশে নিষিদ্ধ ঘোষিত সাম্প্রদায়িক দলগুলোকে আবার পুনরুজ্জীবিত করেন। একাত্তরের যুদ্ধাপরাধী গোলাম আযমকে তাঁর পাকিস্তানি পাসপোর্টসহ বাংলাদেশে এসে রাজনীতি করার অনুমতি দেন। একাত্তরের কোলাবরেটর শাহ আজিজুর রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানান। বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে পাকিস্তানের কায়দায় রেডিও বাংলাদেশ করেন।
মুুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে জিয়াউর রহমান কার্যত বিলুপ্ত করে পাকিস্তান জিন্দাবাদের কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ প্রচলন করেন। জিয়াউর রহমান নিজেই নকল কয়েকটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেড় হাজারের মতো মুক্তিযোদ্ধা হত্যা করেন। দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করার চেষ্টাও তখন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মিত্র ভারতকে পাকিস্তানের স্বার্থে শত্রুতে পরিণত করার নীতি অনুসরণ করেন। এককথায় স্বাধীন বাংলাদেশকে আবার আধাপাকিস্তান করার উদ্যোগ নেন। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুবের কৌশল অনুসরণ করে একটি ‘না’ লেখা কালো বাক্সকে প্রতিদ্বন্দ্বী সাজিয়ে প্রহসনের গণভোটে তিনি দেশের রাষ্ট্রপতি হয়ে বসেন।
তাঁর স্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় বসার প্রথম দিনেই দেশের উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝড় ও জলোচ্ছ্বাসে অসংখ্য নর-নারী নিহত হয়। জনগণ তাঁর নাম দেয় ‘তুফানি বেগম’। ২০০১ সালে বেগম জিয়া যখন আবার ক্ষমতায় আসেন তখন আওয়ামী লীগের ভোটদাতা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতনের সাইক্লোন। অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়। কয়েক হাজার মানুষ দেশ ছেড়ে পালায়।
পশ্চিমবঙ্গের তৎকালীন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতে, তাদের সংখ্যা ছয় হাজার থেকে ১০ হাজার। পূর্ণিমা শীলদের মতো গণধর্ষণের শিকার কুমারী, সধবা, বিধবা নারীর সংখ্যা কত দাঁড়িয়েছিল তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। একটি বিদেশি সংবাদপত্র তখন মন্তব্য করেছিল, খালেদা জিয়া ক্ষমতায় এলেই হয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, না হয় মনুষ্য সৃষ্ট বিপর্যয় (Disaster) বাংলাদেশকে গ্রাস করে।
খালেদা জিয়া একটি আগাম সত্য কথাই বলেছেন, ‘তাঁরা আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগের কায়দায় দেশ শাসন করবেন না। ’ কী কায়দায় দেশ শাসন করবেন তার আলামত তো তাঁদের প্রতিবারের সরকারের আমলেই জ্বলজ্বল করছে। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সন্ত্রাস ও বিরোধী দলের নেতাকর্মীদের নিষ্ঠুরভাবে দলন। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ, স্বাধীনতার শত্রুদের রাষ্ট্রক্ষমতায় বসানো ইত্যাদি।
বিএনপি এখন অভিযোগ করছে, আওয়ামী লীগ সরকার তাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে অবশ্যই বিএনপির বহু শীর্ষস্থানীয় নেতাকে দুর্নীতি, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারের দায়ে আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করাও হয়েছে। তাঁরা জেলে যাচ্ছেন আবার জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়েও আসছেন।
কিন্তু বিএনপির শাসনামলে শাহ কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের অনেককে যেভাবে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির তেমন শীর্ষস্থানীয় নেতাদের একজনকেও হত্যা করা হয়নি। হিংস্র মৌলবাদ ও বাংলা ভাইদের উত্থান বিএনপির আমলে।
শেখ হাসিনার জনসভায় যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল, তা সফল হলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতাও জীবিত থাকতেন না। আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়ার জনসভায় কখনো একটি ফুলের টোকাও পড়েনি। তথাপি তাঁর মায়াকান্নার শেষ নেই। আওয়ামী লীগের যত দোষই থাকুক, হত্যার রাজনীতিতে দলটি নেই। হত্যার রাজনীতির সূত্রপাত ও চর্চা বিএনপির দ্বারা এবং তাদের শাসনামলে। সুতরাং বেগম জিয়া ঠিকই বলেছেন, দুই দলের দেশ শাসনপদ্ধতি ভিন্ন তো হবেই।
সন্ত্রাস ও দুর্নীতির কথা এখানে আর না তোলাই ভালো। পেট্রলবোমা মেরে রাজপথে নিরীহ নর-নারী হত্যার সন্ত্রাসী রাজনীতির সোল এজেন্সি একসময় বিএনপিই গ্রহণ করেছিল। আওয়ামী লীগ কোনো সময়েই মানুষ হত্যার এই রাজনীতিতে নামেনি। আওয়ামী লীগের আমলে বরং জঙ্গিদের সন্ত্রাস দমিত হয়েছে। দুর্নীতি অবশ্য নির্মূল হয়নি। দুর্নীতি মনুষ্য সমাজের একটি আদি পাপ। কমিউনিস্ট আমলে রাশিয়াতেও দুর্নীতি নির্মূল করা যায়নি। কমিউনিস্ট চীনে তো এখনো দুর্নীতির দায়ে বড় বড় কমিউনিস্ট নেতাকে পর্যন্ত ফাঁসি দেওয়া হচ্ছে। এ ধরনের দুর্নীতি বর্তমান আওয়ামী লীগ শাসনামলেও আছে। কিন্তু বিএনপি আমলের মতো দুর্নীতি ও সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়নি। হাওয়া ভবন নাম দিয়ে দুর্নীতি ও সন্ত্রাসের হেডকোয়ার্টার গড়ে তোলা হয়নি।
বিএনপি আবার ক্ষমতায় এলে ভিন্নভাবে দেশ শাসন করার এই আভাস দিয়ে বেগম জিয়া ভালোই করেছেন। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রতিহিংসার রাজনীতির ছোবলে কত মানুষ প্রাণ হারাবে, কত মানুষ জেলে বন্দি হবে, কত শত পূর্ণিমা শীলকে গণধর্ষণের শিকার হতে হবে সে সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিয়ে বেগম জিয়া আমাদের ধন্যবাদের পাত্রী হয়েছেন। কথায় বলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বেগম জিয়া আগামী দিনে ক্ষমতায় গেলে কিভাবে দেশ শাসন করবেন তার আভাস দিয়ে অতীতে বিএনপির শাসনামলে ঘরপোড়া মানুষকে আবার সতর্ক করে দিলেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।" __আব্দুল গফ্ফার চৌধুরী।
সংগ্রহঃ সম্পাদক | মুক্ত মতামত |
লন্ডন,-সোমবার,-৩ জুলাই-২০১৭ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন