ষোলোয় ডিসেম্বর ও নির্বাচন ভাবনা - আব্দুল গাফফার চৌধুরী
বিজয় দিবস ও আসন্ন নির্বাচন সম্পর্কে আগাম কিছু চিন্তাভাবনাঃ আব্দুল গফফার চৌধুরী
ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবারের বিজয় দিবসের একটা বৈশিষ্ট্য আছে। এই বিজয় দিবসের ১৩ দিন পরই দেশের একটি সাধারণ নির্বাচন। এই নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে থাকবে, না আবার পাকিস্তানের মতো মধ্যযুগীয় ধর্মীয় রাষ্ট্রের কাঠামোয় ফিরে যাবে? সাম্প্রদায়িকতার নতুন আবরণ বাংলাদেশি জাতীয়তাবাদে দীক্ষা নেবে? এই প্রশ্নটির এবার মীমাংসা হবে সশস্ত্র যুদ্ধের দ্বারা নয়, মীমাংসা হবে নিরস্ত্র নির্বাচন যুদ্ধের মাধ্যমে।
যদি ১৯৭০'ইং সালের নির্বাচনের বিজয়ীরা এবারও বিজয়ী হয়, তাহলে এই ৪৭ বছর ধরে পালিত বিজয় দিবসগুলো একটা বিশেষ মর্যাদা পাবে। আর যদি ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের যুদ্ধে পরাজিত শত্রুরা ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে জয়ী হয়, তাহলে পলাশীর যুদ্ধে পরাজয়-পরবর্তী ঘোর অন্ধকার দেশটিতে নেমে আসবে। এই অন্ধকার কাটানোর জন্য আবারও কত দশক লাগবে, কত আন্দোলন করতে হবে, কত নিরীহ মানুষকে আত্মাহুতি দিতে হবে তা এখন অনুমান করাও কষ্টকর। তবে একটাই ভরসা, সময়টা ১৭৫৭ সালের বিশ্বাসঘাতক মীর জাফরের নয়, ১৯৭৫ সালের ষড়যন্ত্রকারী খোন্দকার মোশতাকেরও নয়।দেশের মানুষ এখন সচেতন। একটি মুক্তিযুদ্ধে জয়ের অভিজ্ঞতা তাদের আছে। সেই মুক্তিযুদ্ধের চেতনা জনগণের মন থেকে শত চেষ্টা করেও মুছে ফেলা সম্ভব হয়নি। নতুন মীর জাফর মাথা তুলেছে, তার সঙ্গে ঘসেটি বেগমের দল এবং উমিচাঁদেরাও জুটেছে বটে, কিন্তু বাংলাদেশের সচেতন মানুষ আর ২০১৮'ইং সালে নব্য মীর জাফর ও নব্য মোশতাকদের চক্রান্তের ফাঁদে পা দেবে না। ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের চেতনা ও অভিজ্ঞতা-সমৃদ্ধ মানুষ আগামী ৩০ ডিসেম্বর ২০১৮'ইং ঘড়ির কাঁটা আর পেছুতে দেবে না।
'দেশপ্রেম রক্ত ঢালে সূর্যের সাক্ষাতে।' এবার দেশপ্রেমিকদের আর সূর্যের সাক্ষাতে রক্ত ঢালতে হবে না। এবারের ৩০ ডিসেম্বর হবে একাত্তরের ঘাতক দালাল ও পঁচাত্তরের হত্যাকারী এবং তাদের নব্য দোসরদের চূড়ান্ত পরাজয়ের দিন। আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে ৩০ ডিসেম্বর হবে বাংলার ইতিহাসে একটি রেড লেটার ডে। একাত্তরের অসমাপ্ত যুদ্ধকে সমাপ্ত করবে ২০১৮ সালের নির্বাচন যুদ্ধ। জুলিয়াস সিজারের বন্ধু সেজে তাকে হত্যা করেছিল বিশ্বাসঘাতক ব্রুটাস। ২০১৮ সালে বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু অনুসারী সেজে, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কয়েকজন ব্রুটাস বঙ্গবন্ধুর ঘাতকদের দলের মঞ্চে গিয়ে উঠেছেন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশের জন্য।
একদিকে দেশে চলছে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই স্লোগান, অন্যদিকে বিদেশে বসে চলছে 'কালনেমির লংকাভাগের' পরিকল্পনা। আমি একজন সাংবাদিক। দীর্ঘকাল বিদেশে আছি। নানা সূত্র থেকে নানা গুজব কানে আসে। কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, তা যাচাই করা সহজ নয়। এবার বিজয় দিবসের প্রাক্কালে লন্ডনের তারেক-শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে যে খবর পেয়েছি তাকে সম্পূর্ণ গুজব বলে ভাবতে ইচ্ছে করছে না। তাই পাঠকদের এই গুজবটি জানিয়ে রাখতে চাই। এর সত্যাসত্য ৩০ ডিসেম্বরের আগেই হয়তো জানা যাবে।
বিএনপির এককালের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. বদরুদ্দোজা জিয়াপুত্র তারেক রহমানের স্বভাব-চরিত্র ভালোভাবে জানেন। বঙ্গভবন থেকে বহিস্কৃত হওয়ার তিক্ত অভিজ্ঞতা তার রয়েছে। তাই এবার তারেক রহমানের পাতা ফাঁদে তিনি পা দেননি। ড. কামাল হোসেনের এ অভিজ্ঞতা নেই। তারেক রহমানের প্রতি তার বিরূপতা থাকলেও এখন তা নেই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি অন্ধ বিদ্বেষ তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে তারেক রহমানের ফাঁদে ঠেলে দিয়েছে।
বাজারের গুজবটি হলো- কামাল হোসেন যদিও মুখে বলছেন নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নেব না, ক্ষমতায় যাব না, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবো না; কিন্তু প্রকাশ্যে তিনি যাই বলুন, তারেকের সঙ্গে তার একটা গোপন-ডিল হয়েছে। ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হলে কামাল হোসেনকে জাতীয় সংসদের কোনো শূন্য আসনে বা উপনির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করে আনা হবে। তারপর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে তাকে বসানো হবে আইনগত জটিলতা থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা এবং তারেক রহমানকে সব দণ্ডাদেশ ও আইনি জটিলতা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার কাজে। ড. কামাল তাদের এই লক্ষ্যগুলো হাসিল করে দেওয়ার পর শুরু হবে আসল খেলা।
তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রটি থেকে জানা গেছে, তারেক রহমান চান ড. কামালকে রাষ্ট্রপতি পদে বসিয়ে তার আইনের বুদ্ধি ও রাষ্ট্রপতি পদের ক্ষমতার সাহায্যে তাকে দ্বারা মাতা-পুত্রের সব দণ্ড, আইনি নিষেধাজ্ঞা বাতিল করিয়ে একজন জেল থেকে বেরিয়ে আসবেন, অন্যজন বিদেশ থেকে দেশে ফিরে আসবেন। তারেক চান না ব্যারিস্টার মওদুদ নির্বাচিত হন। তাহলে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী পদের উমেদার হবেন এবং এই পদ নিয়ে এমন ক্ষমতার ও পদের লড়াই শুরু হবে যে, ক্ষমতায় বসার আগেই ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় ঐক্যজোট ভেঙে যাবে।
তারেক রহমান তার ঘনিষ্ঠ মিত্রদের প্রশ্নের জবাবে বলেছেন, কামাল হোসেনকে নিয়ে তার মাথাব্যথা নেই। তাকে দিয়ে কাজ ফুরুলে ডা. বদরুদ্দোজার কায়দায় তাকে সদর রাস্তা দিয়েই ক্ষমতা থেকে বহিস্কার করে দেওয়া হবে। অবশ্য তাকে দিয়ে তার আগে আরেকটি কাজ করানো হবে। নির্বাচনে পরাজয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হয়েছিল। তেমনি পাঠানো হবে শেখ হাসিনাকে। নির্বাচনে ঐক্যফ্রন্ট জয়ী হলে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তারপর বিরুদ্ধবাদী ও প্রতিপক্ষের ওপর নেমে আসবে ২০০১ সালের চেয়েও নির্মম ও নিষ্ঠুর নির্যাতন। '৭১-এর যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ গ্রহণের জন্য জামায়াতকে দেওয়া হবে অবাধ অধিকার।
তারেকের মন্ত্রিসভায় জামায়াতিদের অবশ্যই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। আবার তাদের গাড়িতে উড়বে বাংলাদেশের পতাকা। হয়তো ফাঁসির রজ্জুতে সাজাপ্রাপ্ত ঘাতক দালালদের শহীদ ঘোষণা করা হবে। তারেক রহমান কিছুদিন আগে নিজেই বলেছেন, তারা ক্ষমতায় এলে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বদলাবেন। ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে জয়ী হলে সেই ইচ্ছাপূরণেও তাদের কোনো বাধা থাকবে না।
তারেক রহমানের লন্ডন ষড়যন্ত্রের যেটুকু জেনেছি, তার সঙ্গে আমার কিছু আগাম ভাবনা জুড়ে দিয়েছি মাত্র। আমার ধারণা, এগুলো গুজব হলেও একেবারে অসত্য নয়। যারা দিনেদুপুরে ঢাকার রাজপথে হাসিনাসহ সব নেতাকে হত্যার জন্য ভয়াবহ গ্রেনেড হামলা চালাতে পারে, তাদের কাছে অসাধ্য কিছু নেই। ড. কামাল হোসেন এবারের নির্বাচনে সেই ঘাতক দল ও তার নেতার সঙ্গে হাত মিলিয়েছেন। তিনি কি বুঝতে পারছেন ভবিষ্যতের ইতিহাসে তার স্থান কোথায় এবং কাদের সঙ্গে হবে?
হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য তিনি যদি ছোটবড় সব ডান ও বাম গণতান্ত্রিক দলকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করতেন এবং নির্বাচনে অংশ নিতেন, তাহলে কারও কোনো আপত্তি থাকত না। সেই নির্বাচনে তিনি পরাজিত হলেও নিন্দিত হতেন না। বরং ইতিহাস তাকে গণতন্ত্রের বন্ধু বলে সম্মান জানাত। এখন জামায়াত ও বিএনপিকে নিয়ে তার দল যদি নির্বাচনে জয়ীও হয় এই জয় হবে সাময়িক। ইতিহাসে তিনি গণতন্ত্র ও মানবতার শত্রুদের ক্রীড়নক হিসেবে চিরকালের জন্য চিত্রিত হয়ে থাকবেন।
ত্রিশে ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আর মাত্র তেরো দিন বাকি। নির্বাচনের দিনটি যতই এগোচ্ছে ততই শেখ হাসিনার জীবনের ঝুঁকি বাড়ছে। এই নির্বাচনে একাত্তরের ঘাতক এবং পঁচাত্তরের হত্যাকারীরা হাত মিলিয়েছে। তাদের মাথার মণি তারেক রহমান। তার সন্ত্রাসী ভূমিকা ও পরিকল্পনা সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পর্যন্ত ব্রিটিশ সরকারকে সতর্ক করে দিয়েছে। বাংলাদেশ সরকারের উচিত, তারেক রহমানের ওপর চব্বিশ ঘণ্টা নজরদারির জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো।
অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সফরের সংখ্যা কমানো উচিত এবং তার নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা আশু প্রয়োজন। নির্বাচনে পরাজয় অনিবার্য জানলে তারেক রহমানের সন্ত্রাসী দল কী করতে পারে ২০০৪ সালের ২৪ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার দিন আমরা তা কি দেখিনি? আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর হাতে নিহত হওয়ার পর তার ভাই রবার্ট কেনেডি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার জয় অনিবার্য জানার পর নির্বাচনী প্রচারণা সভাতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ রকম আরও অনেক উদাহরণ আছে।
বাংলাদেশে এ রকম ঘটনা ঘটবে তা আমি বলি না। ঘটুক তা আমি কল্পনও করি না। কিন্তু সাবধানের মার নেই। বিএনপি-জামায়াত এবং তারেক রহমানের রাজনীতির ইতিহাস হচ্ছে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্রের ইতিহাস। আমি বেঁচে থাকতে একাত্তরের মতো আরেকটি বিজয় দেখে যেতে চাই এবং তা শেখ হাসিনার নেতৃত্বে।
আব্দুল গাফ্ফার চৌধুরী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন