দহন
সেই জন্ম থেকেই চলছে জ্বলতে থাকা,
এখনও হলো না শেষ এই দুঃসহ দহন!
পোড়া মন নিয়ে আরও'যে কত হবে চলা-
খোদা জানেন- আমারও হয় ইচ্ছে ভীষণ।
মুক্তি চাই, সমাপ্ত হোক নিদারুণ যন্ত্রণা,
ঘুচে যাক সীমাবদ্ধতা-মুক্ত হোক বচন।
সেখানেই লুকায়িত সকল ভালো লাগা,
আমার সুখ-মন ভাবের বিশ্লেষিত কথন।
মানুষ-বিদ্বেষানলে ধ্বংসিত হয় মানবতা,
বিবেকহীনতার উল্লাসে বিবেকের ক্রন্দন।
অসত্যের বেড়াজালে আটকানো সত্যতা,
সভ্যতার দমবন্ধ যেন স্তম্ভিত হৃদস্পন্দন!
ঊর্ধ গগনে হাত তোলে বলতে চাই- স্রস্টা,
আকাশ রূপেই রাখতে-করলে সৃষ্টি যখন!
বোঝাতে পারতাম ভেদাভেদহীন উদারতা,
বৈষম্যবিহীন সমাজ কেমনে করবে গঠন।
আজন্ম জ্বলতে থাকা সূর্য করতে যদিবা-
দেখাতে পারতাম ভালোবাসা হয় কেমন!
আমার এই জ্বলন দহন-পেতো সার্থকতা,
মানুষে মানুষে গড়তাম আত্ম-সেতু বন্ধন।
দহন _নাঈম জাহাঙ্গীর নয়ন
২৭ ফেব্রুয়ারি ২০১৭'ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন