তবুও জীবন খোঁজে প্রেম
তুমি কি বলতে পারো...?
রাত কেন হয়ে ওঠে এতো দীর্ঘ...!
কেনইবা চোখ থেকে হারিয়ে যায় ঘুম...!
হৃদয় আসমানে কেন এত মেঘের জমায়েত...!
কেনইবা চারিদিক আঁধার নিকষ কালো...?
নীরব নিঝুম রাত্রির বুকে-
সময়গুলো বড্ড শান্ত- নিথর জড়সড়,
মনের উঠোন জুড়ে-
শৃঙ্খল হীন ভাবনারা আজ বড্ড এলোমেলো;
সুর নেই গানে কোনো কবিতায় ফিরে না ছন্দ,
বড়ই অস্থির আমার ভেতর- বাহির....!
একবুক ব্যথা নিয়ে নির্বাসিত প্রেম- কবিত্ব।
বাস্তবতার চেয়ে নেই বড়ো কবিতা কোনো,
জীবনটার সাথে যে আমার বড়ই চেনাজানা...!
দেখেছি বাস্তবতার ঢেউ হতে পারে কতটা হিংস্র,
ভাসিয়ে নিলো কত যতনে গড়া স্বপ্ন ত'রী-
নিমিষেই ডুবল হিমালয় সম কত প্রেম...!
ভেসে গেল কতদিন শ্রাবণ বর্ষায়,
ঝরে গেল কতশত নির্ঘুম রাত্রি,
বয়ে গেল চোখদুটোয় কত যে লোনা স্রোত...!
বুঝেছি কষ্টের'ই একছত্র অধিপতি কবিতায়;
মিথ্যে প্রেম-ছলনা বিনে কিছু নেই ভালোবাসায়!
তবুও জীবন খোঁজে প্রেম, ভালো সে বাসবেই;
জেনেশুনে'ই হবে মৃত্যুর পথ-যাত্রী।
এর নামই'কি জীবন! এই'কি কবিতা বল...?
শেষ অবধি যেথা থাকবে'ই গড়মিল-
যেখানে মিটে না সাধ, তৃষ্ণার নেই পূর্ণতা কোনো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন