হৃদয় পুড়া গন্ধ
বহুদিন, অনেক বছর, যুগের পর কত যুগ-
রয়েই গেলাম কাল থেকে কাল তৃষ্ণার্ত পথিক...!
তেপান্তরের পথেঘাটে-প্রান্তর জুড়ে,
কতো মানব মানবীর সাথে হলো সাক্ষাৎ,
চৈত্রের ভর-দুপুরের শান্ত দিঘীর মতই-
স্থির হতে চেয়েছিলাম কোথাও, পারিনি!
লাম্প পোষ্টের ন্যায় স্থবিরতা মিলেই'নি কোথাও।
বৈশাখী হাওয়ায় উড়িয়েছি কতো স্বপ্ন...
কখনোই ডাকলো না কেউ- নিলো না খবর!
মনের ভুলেও কভু কেউ বলেনি-
এসো হে পথিক-
তুমি এসো মোর ঘুমো ঘরে...।
অবহেলা অনাদরে স্বপ্নগুলো সব
শ্রাবণের মেঘ হয়ে ফিরেছে বেলা অবেলায়-
ফিরেছে আবারও আমার পুড়া দুই চোখে;
হয়নি কভু কোথাও এতটুকুন ঠাঁই...!
কোথাও পাইনি গো আমি একটু সহানুভূতি-
জুটলো না ভাগ্যে কখনোই কোন হৃদয়ের ঘর।
দেখেছি শরতের স্তব্ধ দুপুর-
শেঁউলাহীন নির্জন পুকুরের স্বচ্ছ জল-
কেঁপে কেঁপে ওঠে ডাহুকীর বুকফাটা চিৎকারে।
ভালোবাসার আগুনে পুড়তে পুড়তে-
পেরিয়ে গেল কত যুগ...!
অতৃপ্ত আত্মার চিৎকারে-
হয়েছে কতো রাত আমার সন্ধ্যা থেকে ভোর...!
মনের মনিকোঠায় ছিলো কতইনা যতনে-
কাঙ্ক্ষিত চাওয়া গুলো সব সাজানো...!
যুগের পথ ধরে- প্রতিটি সন্ধ্যায়-
ধূপের ধোঁয়ার মতই ঘুরেছি ঘর থেকে ঘরে;
কেউ রাখেনি কভু পুড়ে নিঃশেষ ছাইয়ের খবর!
এভাবেই পেরিয়ে গেল কতো বসন্ত,
ফিরে এলো কত বৈশাখ-কত সৌরভ ফাল্গুনে!
পৌঁছেনি আজও তোমার কাছে 'হৃদয় পুড়া গন্ধ'।
হৃদয় পুড়া গন্ধ _নাঈম জাহাঙ্গীর নয়ন
১১-০১-২০১৯'ইং, ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন